৮ মাসের অন্তঃসত্ত্বাকে মারধর, পেটে লাথির আঘাতেই মৃত সন্তান প্রসব!
বার্তা ডেস্কঃ
কোচবিহারের দিনহাটা-২ ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের কুচনি এলাকায় এক অন্তঃসত্ত্বাকে মারধরের জেরে মৃত সন্তান প্রসবের মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে গৃহশিক্ষক দেবজিৎ বর্মনের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। স্বামীর প্রাণ বাঁচাতে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রিয়া এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় এবং পেটে গুরুতর আঘাত লাগে। পরিবারের দাবি, দেবজিতের এক আত্মীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা হওয়ার রাজনৈতিক আক্রোশ থেকেই এই নৃশংস হামলা চালানো হয়েছে। হামলার পর দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার প্রিয়া মৃত সন্তানের জন্ম দেন।
এই জঘন্য ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে এবং সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ চন্দন বর্মন ও মনোরঞ্জন বর্মন নামের দু’জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান স্থানীয় বিজেপি বিধায়ক অজয় রায়। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জানান, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার নেপথ্যে প্রকৃত রাজনৈতিক বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।