পুজো পাস দুর্নীতিতে অস্বস্তিতে প্রাক্তন মন্ত্রী, লালবাজারে তলব স্ত্রী মধুছন্দাকে!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর ভিআইপি পাস ও সরকারি টেন্ডারে শতকোটি টাকার আর্থিক তছরুপ কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের পর এবার তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে লালবাজারে তলব করল কলকাতা পুলিশ। ‘মাস আর্ট’ নামক সংস্থার মাধ্যমে ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে প্রিভিউ শোয়ের পাস বিক্রি এবং কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগে ইতিমধ্যেই ১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন ইন্দ্রনীল সেন। তদন্তকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে শুধু পুজো পাস বিক্রি থেকেই অন্তত ৩০ কোটি টাকা এবং বিভিন্ন সরকারি টেন্ডার মিলিয়ে মোট ১১৫ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। এই সংক্রান্ত অপরাধের তদন্তে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে ইডিও পৃথকভাবে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা শুরু করেছে।

তদন্তকারী গোয়েন্দাদের দাবি, প্রতারণার মাধ্যমে সংগৃহীত বিপুল অঙ্কের টাকা ইন্দ্রনীলের স্ত্রী, কন্যা ও অন্যান্য নিকট আত্মীয়দের নামে থাকা একাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। দুর্নীতিতে সরাসরি নাম জড়ানোয় ও বিচার বিভাগীয় পদক্ষেপ এড়াতে ইতিমধ্যেই আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মধুছন্দা সেন। তবে দুর্নীতির আসল উৎস এবং আর্থিক লেনদেনের মূল শিকড়ে পৌঁছাতে লালবাজারের গোয়েন্দা শাখা তাঁকে মুখোমুখি বসিয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করতে চায়। ট্রাভেল এজেন্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতে লালবাজারের এই কঠোর পদক্ষেপে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এবং পুরো দুর্নীতি চক্র উন্মোচনে মধুছন্দার হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *