সস্তার পকেট পরোটা কি বিপদ ডেকে আনছে! রাজুর দোকানে হানা দিল খাদ্য দপ্তর
বার্তা ডেস্কঃ
মাত্র ৩০ টাকায় পরোটা ও ডিম সেদ্ধ খাইয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় কলকাতার ‘রাজুর পকেট পরোটা’। প্রতিদিন বহু মানুষ ভিড় জমান শিয়ালদহের NRS হাসপাতালের কাছের এই দোকানে। সম্প্রতি সেই জনপ্রিয় দোকানে আচমকাই অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনে জানা যায়, দোকানটির কোনো ফুড লাইসেন্স নেই। আধিকারিকরা রান্নার মান ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন এবং লাইসেন্স আবেদনের সঠিক পদ্ধতি রাজুকে বুঝিয়ে দেন। পাশাপাশি খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
অভিযানের পর দোকান পরিষ্কার রাখার জন্য রাজুকে বেশ কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। নোংরা লাল গামছার বদলে সাদা গামছা ব্যবহার, ডিম ও স্যানিটাইজার আলাদা পাত্রে রাখার নির্দেশনা দেন আধিকারিকরা। রাজুও সব নিয়ম মেনে চলার আশ্বাস দিয়েছেন। আপাতত দোকান বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত জানাবে প্রশাসন।