উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? রাজ্য শিক্ষা দপ্তরের সিদ্ধান্তে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে রাজ্য শিক্ষা দফতর। বিগত দুই বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা পরিচালিত হলেও, শিক্ষকদের একাংশের আপত্তির মুখে পড়ে এই নিয়ম পুনর্বিবেচনার সময় এসেছে। তাঁদের মতে, সেমেস্টার ব্যবস্থা চালু হলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না পড়ুয়ারা। এই পরিস্থিতিতে শিক্ষা দফতর আগামী শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার পদ্ধতি তুলে দিয়ে পুনরায় পুরনো নিয়মে পরীক্ষা চালুর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। নতুন শিক্ষামন্ত্রী ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর বিকাশ ভবনে এই বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনাও শুরু হয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চার সেমেস্টারের পরিবর্তে ফের প্রথাগত পদ্ধতিতেই ফিরতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে পৃথক সেমেস্টার পরীক্ষার ঝক্কি পোহাতে হবে না পরীক্ষার্থীদের। তার বদলে পূর্বের নিয়ম অনুযায়ী প্রথমে প্রি-টেস্ট, পরবর্তীতে টেস্ট এবং শেষে একটি মাত্র চূড়ান্ত বোর্ড পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন সম্পন্ন হবে। সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপক বর্মণও সেমেস্টার পদ্ধতি নিয়ে শিক্ষকদের অসন্তোষের কথা স্বীকার করেছেন। যদিও নিয়ম পরিবর্তনের দিনক্ষণ এবং রূপরেখা এখনও চূড়ান্ত হয়নি, তবে শিক্ষা মহলের ধারণা, আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যজুড়ে এই নিয়মের পরিবর্তন ঘটানো হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *