রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমার সময়সীমা বাড়ল!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারগুলির জন্য অতিরিক্ত স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। সরকারের নজরে আসার পর গত ৯ অক্টোবর অর্থ দফতর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল যে, এই প্রকল্পের সুবিধাভোগীরা অন্য কোনো সরকারি স্বাস্থ্য কার্ড রাখতে পারবেন না এবং ৩১ অক্টোবরের মধ্যে তা নির্দিষ্ট দফতরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন না হলে চিকিৎসা সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত রাখা এবং শৃঙ্খলামূলক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
নবান্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, কার্ড জমা দেওয়ার ক্ষেত্রে কর্মীদের ভিড় এবং কাজের চাপ বিবেচনা করে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, কার্ড জমা দেওয়ার এই সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীরা এখন এই বর্ধিত সময়ের মধ্যে তাঁদের কার্ড জমা দেওয়ার সুযোগ পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড জমা দেওয়ার প্রমাণপত্র ও ঘোষণাপত্র জমা দিতে হবে, অন্যথায় পূর্বের নির্দেশিকা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।