৫৬ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী! পাত্রী কে জানেন?
বার্তা ডেস্কঃ
৫৬ বছর বয়সে দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। সর্বভারতীয় গণমাধ্যমের পরিচিত মুখ ও নামী সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শুক্রবার বিবাহ সম্পন্ন হওয়ার পর শনিবার সামাজিক মাধ্যমে সেই খবর প্রকাশ করেন ওমর নিজেই। এক্স হ্যান্ডেলে নবদম্পতির বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘গতকাল থেকে শুরু হল আমাদের নতুন ইনিংস।’ ওমরের এই পোস্টের পরই রাজনৈতিক ও সংবাদমাধ্যম মহল থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।
৪৯ বছর বয়সী নিধি রাজদানেরও এটি দ্বিতীয় বিয়ে। দিল্লির বাসিন্দা কাশ্মীরি পণ্ডিত পরিবারের সন্তান নিধির সঙ্গে ওমরের এই বিবাহ রাজনৈতিক ও ব্যক্তিগত উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে ২০১১ সালে পায়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বর্তমানে তাঁদের আইনি প্রক্রিয়া বিচারাধীন। অন্যদেকে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ছিমছাম বিয়ের অনুষ্ঠানে ধূসর কাশ্মীরি পাঞ্জাবি ও জহরকোটে নজর কেড়েছেন ওমর। অন্যদিকে, সোনালি জরি খচিত সিল্কের শাড়িতে সাবলীল ও উজ্জ্বল ছিলেন নিধি। নবদম্পতির এই নতুন পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।