মাত্র চার ছটাক জমি, পিটিয়ে খুন কাকিমাকে! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা-মেয়ে।
বার্তা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ঘাটশিলা গ্রামে সামান্য জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দেওরের দুই ছেলের বিরুদ্ধে। শনিবার সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম নাসেরা বেগম (৪৫)। এই হামলায় গুরুতর জ্যেষ্ঠ অবস্থায় তাঁর মা নাজিরা বেগম এবং মেয়ে কিসমাতারা বেগম বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আবাস যোজনায় ঘর পেলেও নাসেরার নিজস্ব কোনো জমি ছিল না। পরবর্তীতে ৬৫ হাজার টাকার বিনিময়ে তিনি ভাসুরের কাছ থেকে চার ছটাক জমি স্ট্যাম্প পেপারে লিখিতভাবে নেন। কিন্তু অভিযোগ, সেই জমি পরে ভাসুর দেওরের দুই ছেলে চাঁদ শেখ ও ডালিম শেখের কাছে বিক্রি করে দেন। এরপর থেকেই ওই জমি ছাড়ার জন্য নাসেরার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। গত বৃহস্পতিবার সালিশি সভা বসেও এই বিরোধের কোনো মীমাংসা হয়নি। এরই জেরে শনিবার অভিযুক্তরা দলবল নিয়ে নাসেরার বাড়িতে চড়াও হয় এবং ইট, বাঁশ ও শাবল দিয়ে তিন মহিলাকে এলোপাথাড়ি মারধর করে। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাসেরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।