বিজয়া সম্মিলনী করতে গিয়েই চরম অপমান! ১২৭ বছরের পুরনো ক্লাবে তালা ঝুলতেই বিস্ফোরক বিধায়ক

বার্তা ডেস্কঃ

জলহাটির ১২৭ বছরের পুরনো জলহাটি স্পোর্টিং ক্লাবে বিজয়া সম্মিলনী করতে গিয়ে অপ্রত্যাশিত বাধার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার তিনি ক্লাবে পৌঁছলেও মূল ফটকে তালা ঝুলতে দেখেন। অনুষ্ঠান আয়োজনের কথা আগে থেকেই জানানো সত্ত্বেও কেন গেট বন্ধ রাখা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। ভেতরে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত ক্লাবের মাঠেই খুদে খেলোয়াড়দের মিষ্টি বিতরণ করে কর্মসূচি শেষ করেন তিনি।

এই ঘটনার জেরে জলহাটিতে নতুন রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিধায়কের অভিযোগ, অনুষ্ঠানের আগের দিনই ক্লাবের কর্তারা পদত্যাগ করেছিলেন এবং এই ঘটনার নেপথ্যে পুরনো কর্তাদের পাশাপাশি তৃণমূল ও বিজেপির কিছু ব্যক্তির ইন্ধন থাকতে পারে। তবে তাঁর স্পষ্ট দাবি, এতে তাঁকে সরাসরি হেনস্তা করা না হলেও ক্লাবের প্রাক্তন কার্যকর্তারাই হেনস্তার শিকার হয়েছেন। পুরো বিষয়টি খড়দহ থানা, প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি দিয়ে ক্লাবের মাঠের পরিকাঠামো ও খেলোয়াড়দের সমস্যার দ্রুত সমাধানের দাবিও তুলেছেন রত্না দেবনাথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *