মদের আসরে উদ্দাম নাচ ও স্লোগান, তৃণমূল-বিজেপি আঁতাতের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি!

বার্তা ডেস্কঃ

নদিয়ার তেহট্টের করিমপুরে স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতা-কর্মীদের একসঙ্গে বসে মদের আসর জমানো এবং ‘ভারত মাতা কি’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওটিতে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের পাশাপাশি বিজেপির শক্তি প্রমুখ ইন্দ্রজিৎ ঘোষ এবং দলীয় কর্মীদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্পাদক নিশীথ ঘোষ জানান, ব্যক্তিগত স্বাধীনতা থাকলেও তৃণমূল নেতাদের সঙ্গে এমন আচরণ ও স্লোগান দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। অন্যদিকে, বাম ও কংগ্রেস নেতৃত্ব এই ঘটনাকে শাসক-বিরোধী আঁতাতের প্রত্যক্ষ প্রমাণ বলে কটাক্ষ করেছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বিজেপির শক্তি প্রমুখ ইন্দ্রজিৎ ঘোষ দাবি করেছেন যে ভিডিওটি সম্পূর্ণ ‘ভুয়ো’। পাশাপাশি, এই সংবেদনশীল বিতর্কের বিষয়ে করিমপুরের স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক স্লোগানের এমন অপব্যবহার ও প্রতিপক্ষ শিবিরের সাথে প্রকাশ্য সখ্যতা ঘিরে স্থানীয় জনমনেও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের বিরুদ্ধে কী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে, আপাতত সেটির দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *