ইউনেস্কো দুর্নীতিতে বিপাকে ইন্দ্রনীল সেন, স্ত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকা!
বার্তা ডেস্কঃ
ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর অনুদানে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ১০ নভেম্বর পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন।
পুলিশের অভিযোগ: আদালতে তদন্তকারী আধিকারিকরা দাবি করেছেন, ২০২১-২২ সালে ‘মাস আর্ট’ (Mass Art) নামক একটি সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের বেআইনি লেনদেন হয়েছিল, যার একাংশ সরাসরি ইন্দ্রনীল সেনের স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে। পুলিশ জানিয়েছে, দুর্নীতির টাকা কার কার কাছে পৌঁছেছে, সেই বিষয়ে তাদের কাছে বেশ কিছু তথ্য এসেছে। মন্ত্রী থাকাকালীন পুজো সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় ইন্দ্রনীল সেনের বড় ভূমিকা ছিল এবং কীভাবে সেখানে ইউনেস্কোর নাম ব্যবহার করা হয়েছিল, তা তাঁকে হেফাজতে নিয়ে জেরা করলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, লালবাজারের তরফ থেকে চিঠি পাঠানো হলে ইউনেস্কো আগেই জানিয়েছিল যে, পুজো অনুদান সংক্রান্ত তাদের কোনও চুক্তি ছিল না।
ইন্দ্রনীল সেনের সওয়াল: আদালতে দাঁড়িয়ে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, “আমি কীভাবে যুক্ত? ‘মাস আর্ট’ বা ‘থার্ড আই’-এর মতো সংস্থাগুলির সঙ্গে আমার কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। আমার স্ত্রী বা অন্য কেউ সদস্য থাকলে তার দায় আমার ওপর চাপানো যায় না।” তাঁর আইনজীবীর দাবি, ইন্দ্রনীল সেন ইতিমধ্যেই ইডি-র তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং তাঁর বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনে কোনও অপরাধের প্রমাণ মেলেনি। ইউনেস্কো চুক্তির বিষয়ে ইন্দ্রনীলের দাবি, ২০২৫ সালে একটি চুক্তি হয়েছিল, তাই ২০২২ সালে টাকা তোলার অভিযোগ ভিত্তিহীন।
দুই পক্ষের এই দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর, ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে বিচারক তাঁকে ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।