ইসরায়েলে ভোট চুরি! সরব বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু

বার্তা ডেস্কঃ

ইজরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ, সরব বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইজরায়েলের সাধারণ নির্বাচনের ভোট গণনা প্রায় ৮৬ শতাংশ সম্পন্ন হলেও কোনো দল বা জোট এখনও ম্যাজিক ফিগার ‘৬১’ ছুঁতে পারেনি। এর মাঝেই বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচনে ভোট চুরি ও ভোটারদের ঘুষ দিয়ে প্রভাবিত করার গুরুতর অভিযোগ তুলেছেন।

নেতানিয়াহুর দাবি, বিভিন্ন বিদেশি সংস্থার টাকায় আরব দলগুলি ভোট ‘লুট’ করেছে। এক্স (আগে টুইটার) হ্যান্ডলে তিনি অভিযোগ করেছেন যে, বিদেশি শক্তিগুলি নেসেট (ইজরায়েলের সংসদ)-এর ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং দক্ষিণপন্থীদের সরিয়ে ইসলামি শাসন কায়েম করার ষড়যন্ত্র চলছে। তাঁর মতে, এর উদ্দেশ্য হলো আইডিএফ (ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী)-কে ইরানসহ অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে আসতে বাধ্য করা। তাঁর লিকুদ জোটের সন্দেহ, কাতার ও তুরস্ক আরব অধ্যুষিত অঞ্চলগুলোতে এই কাজ করেছে।

পুলিশ জানিয়েছে, ঘুষ দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশের চিফ ডেপুটি কমিশনার ড্যানি লেভি জানিয়েছেন যে নির্বাচনের শুদ্ধতা বজায় রাখতে নিরপেক্ষ তদন্ত করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান নোয়াম শোলবার্গ স্থানীয় গোয়েন্দা সংস্থা ‘শিন বেট’-কে এই অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিদেশি সংস্থার টাকায় নির্বাচনে প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগ ওঠায় এর সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *