বদলে গেল অবস্থান! বিজেপির ঐতিহাসিক পদক্ষেপে তোলপাড় বঙ্গ রাজনীতি
বার্তা ডেস্কঃ
“বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই”—দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের কিছুদিনের মধ্যেই এক নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। ১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজস্ব ট্রেড ইউনিয়ন তৈরি করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর এই নতুন যাত্রার সূচনা হল বাংলা থেকেই। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে এক বিশেষ অনুষ্ঠানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গ প্রদেশের পর্যবেক্ষক সুনীল বানসালের উপস্থিতিতে আত্মপ্রকাশ করে এই নতুন শ্রমিক সংগঠন। আগামী দিনে অন্যান্য রাজ্যেও এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলের। প্রাথমিক পর্যায়ে ৯ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা মূলত রাজ্যের সমস্ত বিমানবন্দর, ওয়েবেল এবং হরিণঘাটায় বিজেপির ব্যানারে কার্যক্রম পরিচালনা করবে।
আগে ডানকুনিসহ বিভিন্ন এলাকার তোলাবাজি ও চাঁদাবাজি রুখতে কড়া বার্তা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বিজেপিতে কারখানার গেটে চাঁদা তোলার কোনো প্রথা বা ট্রেড ইউনিয়ন নেই। সেই অবস্থানের সম্পূর্ণ বিপরীতে হেঁটে এমন সিদ্ধান্ত গ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষ করে চলতি সপ্তাহে নবান্ন কর্তৃক নতুন শিল্পনীতি, ইনসেনটিভ এবং ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থার মতো পদক্ষেপ ঘোষণার গুঞ্জনের মাঝেই বিজেপির এই নতুন শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ রাজ্য রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।