ইউরোপের ওপর ফের শুল্কের খাঁড়া! এবার ট্রাম্পের নিশানায় বিদেশি গাড়ি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কের বোঝা বাড়িয়ে বড়সড় সংঘাতের ইঙ্গিত দিলেন। এবার তাঁর লক্ষ্য ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে এই কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন তিনি।
বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ
হোয়াইট হাউস সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সমস্ত ধরনের গাড়ি এবং লরির ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ২৫ শতাংশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউরোপীয় ইউনিয়ন পূর্ববর্তী বাণিজ্য চুক্তির শর্তাবলী ভঙ্গ করেছে, যা মার্কিন অর্থনীতির জন্য অবমাননাকর। এই চুক্তি লঙ্ঘনের পালটা ব্যবস্থা হিসেবেই আমদানিকৃত যানবাহনের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অটোমোবাইল শিল্পে অশনি সংকেত
ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ। তাঁদের দাবি, চুক্তি না মানার যে অভিযোগ ট্রাম্প তুলেছেন, তার কোনো বাস্তব ভিত্তি বা সত্যতা নেই। এই শুল্ক বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে ইউরোপীয় যানবাহনের দাম একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কেবল অটোমোবাইল শিল্পই ক্ষতিগ্রস্ত হবে না, বরং আমেরিকা ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।