হরমুজ প্রণালির চাবিকাঠি এখন ইউরেনিয়ামে, আমেরিকা-ইরান চুক্তিতেই কি থামবে যুদ্ধ?
বার্তা ডেস্কঃ
হরমুজ প্রণালীতে চলা দীর্ঘ অচলাবস্থা কাটাতে এবার আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তির একটি নতুন খসড়া প্রস্তাব সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তরিত করা বা এর মাত্রা কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর বিনিময়ে প্রাথমিক সমঝোতা কার্যকর হওয়ার সাত দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করতে হবে। বিশ্বের প্রায় কুড়ি শতাংশ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় যুদ্ধ শুরুর পর থেকেই গোটা বিশ্বে তীব্র অর্থনৈতিক আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছিল।
নয়া এই চুক্তির রূপরেখা অনুযায়ী, শর্ত পূরণ সাপেক্ষে আমেরিকা ইরানের ওপর থেকে ধাপে ধাপে অর্থনৈতিক বিধিনিষেধ ও নৌ-অবরোধ শিথিল করবে। গোটা প্রক্রিয়াটি যাতে স্বচ্ছভাবে এবং সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য চিনকে এই ঐতিহাসিক চুক্তির গ্যারান্টার করার প্রস্তাব রাখা হয়েছে। উভয় পক্ষ যাতে সমস্ত শর্ত সঠিকভাবে মেনে চলে, তা তদারকি করার জন্য একটি স্বাধীন যাচাইকরণ ব্যবস্থা বা ভেরিফিকেশন মেকানিজমও রাখা হচ্ছে। কাতারের মধ্যস্থতায় আমেরিকার পাঠানো এই ইতিবাচক প্রস্তাব তেহরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দোহায় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।