মালদহের মাদকগড়ে এসটিএফের বড় সাফল্য, উদ্ধার ৩ কোটির মরফিন!

বার্তা ডেস্কঃ

রাজ্যে নিরাপদ ও মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকারের পর পুলিশ-প্রশাসন বিভিন্ন জায়গায় হানা দিয়ে কোটি কোটি টাকার মাদক উদ্ধার করেছে। এরই ধারাবাহিকতায় মালদহ জেলায় মাদক উদ্ধারে বিশাল সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স। কালিয়াচকের ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কেজি মাদক মরফিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আন্তঃরাজ্য মাদক পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারদর প্রায় তিন কোটি টাকা।

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ওই এলাকায় একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালায়। গাড়িটির ভেতর থেকে ২ কেজি ৬৮৮ গ্রাম নিষিদ্ধ মরফিন উদ্ধার করা হয়। ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। এই সফল অভিযানের জন্য মুখ্যমন্ত্রী এসটিএফের আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে মাদক পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *