স্কুলে ঢুকে ভাগনির গলায় কোপ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ভয়াবহ কাণ্ড!
বার্তা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি সরকারি স্কুলে দশম শ্রেণির এক নাবালিকার ওপর ভয়াবহ হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ক্লাস চলাকালীন বৈদ্যুতিক করাত নিয়ে শ্রেণিকক্ষে ঢুকে ১৫ বছরের ওই ছাত্রীর মুখ ও গলায় কোপ মারে হেমন্ত নামে এক যুবক। পুলিশি তদন্তে সামনে এসেছে চরম চাঞ্চল্যকর তথ্য, যেখানে জানা গিয়েছে অভিযুক্ত যুবক সম্পর্কে মেয়েটির নিজস্ব মামা। অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভাগনিকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি উত্যক্ত করে আসছিল, তবে সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই এই মর্মান্তিক হামলা চালানো হয়।
এই নজিরবিহীন ও নৃশংস হামলায় ওই নাবালিকার পাশাপাশি তাকে বাঁচাতে গিয়ে আহত হয় আরও এক পড়ুয়া। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত ছাত্রীটি বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই চম্পট দিলেও পুলিশ অভিযুক্ত হেমন্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, এবং অপরাধীর বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের ওই নাবালিকার চিকিৎসার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।