ধেয়ে আসছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মুরাসু, আছড়ে পড়বে কোন কোন রাজ্যে?
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে আরও শক্তি সঞ্চয় করে প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। আগামী ২ নভেম্বর রাতের মধ্যে গতি বাড়িয়ে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ওড়িশার দক্ষিণের জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করে নিচু ও পাহাড়ি এলাকার অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে। ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ ও ৪ নভেম্বর দক্ষিণ ওড়িশার বহু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি আছড়ে পড়বে না, তবে এর প্রভাবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমসহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ২ ও ৩ নভেম্বর রাজ্যজুড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।