ভোটার তালিকা থেকে বাদ ১.২৭ কোটি হিন্দু! উত্তরপ্রদেশে তোলপাড়, যোগীর জরুরি বার্তায় বাড়ল উদ্বেগ।

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ার পর বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে বিজেপির রাজ্য কার্যকারিণীর বৈঠকে তিনি দাবি করেন, পঞ্চায়েত তালিকার ৬৬ লক্ষ ভোটার, ৫৫ লক্ষ সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং ৪.৫ লক্ষ নবীন ভোটারসহ মোট ১ কোটি ২৭ লক্ষেরও বেশি হিন্দু ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে উধাও হয়েছে। যোগীর মতে, বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়ার ফলে রাজ্যের ২৮টি নগরীয় আসনের রাজনৈতিক সমীকরণও প্রভাবিত হতে পারে।

এই পরিস্থিতিতে প্রতিটি বাদ পড়া বৈধ ভোটারের নাম পুনর্নথিভুক্ত করতে দলের জনপ্রতিনিধি ও বুথস্তরের কর্মীদের ময়দানে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে সমন্বয় রেখে বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাইয়ের ওপর জোর দেন তিনি। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে মোট ২.০৪ কোটির বেশি নাম বাদ গেলেও নতুন করে ৮৪ লক্ষের বেশি ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। তা সত্ত্বেও কোনো যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *