যাদবপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় শিক্ষাকর্মী!
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের প্রশ্নের মুখে পড়ল নারী নিরাপত্তা। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসির কাছে তদন্তের নির্দেশ দিয়েছেন উপাচার্য।
ছাত্রীর অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থী টেকনোলজি ভবনের চারতলায় বসেছিলেন। সেই সময় অভিযুক্ত শিক্ষাকর্মী তাঁদের সরে যেতে নির্দেশ দেন। অন্যরা নিচে নেমে গেলেও ওই ছাত্রী আরও ওপরে উঠে যান। অভিযোগ, শিক্ষাকর্মী সেখানে গিয়ে তাঁকে নিচে নামিয়ে এনে হেনস্থা করেন। ছাত্রী পুলিশ বা আইসিসি—দুটির মধ্যে অভ্যন্তরীণ তদন্তের পথ বেছে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনায় বারবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।