IAS-IPS দম্পতির কোটি টাকার সাম্রাজ্য, কীভাবে গড়ে উঠল এই বিলাসবহুল ভিলা?
বার্তা ডেস্কঃ
রাজস্থানে প্রশাসনের দুই শীর্ষ কর্তা দম্পতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পত্তি অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মাত্র আড়াই বছরের ব্যবধানে উদয়পুর ও আলওয়ারে অন্তত ৪০টি বিলাসবহুল ভিলা এবং ছয় কোটি টাকার বেশি মূল্যের রিসর্ট গড়ে তুলেছেন আইএএস শিখর আগারওয়াল ও আইপিএস প্রশাখা মাথুর। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে নিজেদের পরিবারের বিভিন্ন সদস্যের নামে এই সম্পত্তিগুলো কেনা হয়। এর নেপথ্যে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে, যেখানে নির্দিষ্ট সংস্থাকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
অভিযোগ উঠেছে, শিল্প দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব থাকাকালীন শিখর আগারওয়াল গোয়েল ফ্যাশনস নামের একটি সংস্থাকে কম খরচে নির্মাণের বরাত দেন। পরবর্তীতে সেই সংস্থাকেই আবার লিজ দেওয়া হয় তাঁদের কেনা রিসর্টগুলো, যার মাধ্যমে বার্ষিক প্রায় দুই কোটি টাকা আয় হতো ওই দম্পতির। চলতি বছরের মার্চ মাসে ওই সংস্থার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দিনই কুড়িটি ভিলার রেজিস্ট্রেশন করানো হয়। সরকারি কোষাগারের ক্ষতি করে এই আর্থিক দুর্নীতির হদিশ পাওয়ার পর রাজস্থানের দুর্নীতি দমন শাখা নড়েচড়ে বসেছে এবং ইতিমধ্যেই অভিযুক্ত দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।