নবান্নে কি ফিরছেন মমতা না কি ‘পরিবর্তন’ দেখবে বাংলা? দুপুরেই ভাগ্য নির্ধারণ, নজরে হাইভোল্টেজ ভবানীপুর
পঞ্চাশ দিনের দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার অবসান ঘটিয়ে আজ সোমবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ২৯৪টি আসনের মধ্যে ফলতা কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় আজ মূলত ২৯৩টি আসনের ভাগ্য নির্ধারিত হচ্ছে। জেলায় জেলায় কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই গণনা। আগামী পাঁচ বছর নবান্নের চাবিকাঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ফিরবে, নাকি দেড় দশক পর রাজ্যে দ্বিতীয়বার ‘পরিবর্তন’ আসবে—দুপুরের মধ্যেই সেই চিত্র স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
জাদুসংখ্যা ও ভবানীপুরের হাড্ডাহাড্ডি লড়াই
ফলতা আসনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ১৪৮ থেকে কমে ১৪৭-এ দাঁড়িয়েছে। তবে এবারের নির্বাচনে গোটা রাজ্যের নজর কেড়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার কোনো আসনে মুখোমুখি লড়ছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা। ফলে হাইপ্রোফাইল এই কেন্দ্রের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে সারাদেশ। বুথফেরত সমীক্ষাগুলোর একাংশ রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত দিলেও, শাসক দল তৃণমূল কংগ্রেস অতীতের মতো এবারও সেই পূর্বাভাস ভুল প্রমাণিত করার বিষয়ে আত্মবিশ্বাসী।
সহিংসতাহীন ভোটের শেষে নতুন উদ্বেগের মেঘ
নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে এবারের ভোট নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ হলেও, ফল প্রকাশের পর রাজনৈতিক প্রতিহিংসা বা হিংসা ছড়িয়ে পড়া নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে যুযুধান সব পক্ষই তাদের কর্মীদের সংযত থাকার আহ্বান জানালেও নেতাদের পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা কমছে না। একদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে অসম, কেরালা ও তামিলনাড়ুর ফলাফলও আজই ঘোষিত হবে। বিশেষ করে কেরালায় বাম শাসনের ভবিষ্যৎ এবং বাংলায় প্রত্যাবর্তনের লড়াই—সব মিলিয়ে ভারতের জাতীয় রাজনীতিতে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।