অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকার বঞ্চনা, বিধায়কের বিস্ফোরক অভিযোগে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
একঝলক ডেস্ক:
অন্নপূর্ণা যোজনার সুবিধা না পেয়ে অসন্তোষের জেরে ‘সেবা সেতু’ শিবিরে ভাঙচুরের ঘটনার পর এবার মুখ খুললেন বিজেপি বিধায়ক সুবীর নাগ ও বিজেপি কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক। চুঁচুড়ায় বিজেপি নেতৃত্বের দাবি, আগের সরকারের আমলে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের একটি চক্র তৃণমূল সমর্থক মহিলাদের নাম তালিকায় তুলে দেওয়ার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে স্বীকার করে নিয়ে দলীয় নেতৃত্ব জানান, বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ সাধারণ মানুষের এই ক্ষোভকে স্বাভাবিক বলে মনে করছেন। পুজোর মুখে কেউ তিন হাজার বা বারো হাজার টাকা পাচ্ছেন, আর অন্যরা বঞ্চিত থাকায় এই ক্ষোভ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি অনেক বঞ্চিত নাগরিক স্কিমটি পুরোপুরি বন্ধ করার দাবিও তুলেছেন বলে জানান বিধায়ক। প্রশাসনিক দায়িত্বে এখনও পূর্ববর্তী সরকারের নিযুক্ত কর্মীরা থাকার ফলেই এমন অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।