দিল্লির রাস্তায় বৃদ্ধ দম্পতিকে পিষে পালালেন চালক, সিসিটিভি ফুটেজে শিউরে ওঠা কাণ্ড!

বার্তা ডেস্কঃ

একঝলক ডেস্ক:

দিল্লির কীর্তি নগর এলাকায় মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক প্রবীণ দম্পতি। গত শুক্রবার সকালে রাস্তার বাঁ দিক দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বিলাসবহুল এসইউভি গাড়ি ৭৯ বছর বয়সি দয়ানন্দ টাংরা এবং তাঁর ৭১ বছর বয়সি স্ত্রী কুসুমকে সজোরে ধাক্কা মারে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির প্রচণ্ড ধাক্কায় দম্পতি শূন্যে পাক খেয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে আহতদের অবস্থা দেখেই তড়িঘড়ি গাড়ি নিয়ে চম্পট দেন ৪৯ বছর বয়সি অভিযুক্ত মহিলা চালক। এই পুরো ঘটনাটি ঘটে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে, যা দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পরপরই আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে এসে রক্তাত অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলা চালককে গ্রেপ্তার করেছে এবং তাঁর গাড়িটি জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পথনিরাপত্তা নিশ্চিত করা এবং বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে পুলিশ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *