বিশাখাপত্তনমের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ!

বার্তা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর তেল শোধনাগারে সোমবার রাতে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই আকস্মিক বিস্ফোরণের জেরে শোধনাগারে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও কর্মীদের মধ্যে। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি শোধনাগারের কর্মীরা নিরাপদ দূরত্বে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শোধনাগারের অভ্যন্তরে অবস্থিত একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লাগার ফলেই এই বিপত্তির সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে আগুন শুধুমাত্র নির্দিষ্ট ওই ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং তা শোধনাগারের অন্য অংশে ছড়িয়ে পড়েনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। সৌভাগ্যবশত, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *