‘এবার আর জল দিয়ে জেতা হবে না!’ গণনার শুরুতেই তৃণমূলকে ধুয়ে দিলেন তাপস রায়, জয়ের দাবি রাহুলের
২০২৬ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, বিজেপি শিবিরে আত্মবিশ্বাসের পারদ ততই চড়ছে। সোমবার সকালে মানিকতলা বিধানসভা কেন্দ্রের গণনাকেন্দ্রে প্রবেশের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী তাপস রায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তাঁর দাবি, অতীতে কারচুপি করে জিতলেও এবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে সেই সুযোগ পায়নি শাসক দল।
তাপস রায়ের কড়া সমালোচনা দীর্ঘদিনের তৃণমূল নেতা তথা বর্তমানে মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “রাজ্যে এর আগে যত ভোট হয়েছে—তা সে পঞ্চায়েত, পুরসভা বা বিধানসভা হোক—সবগুলোতেই ওরা (তৃণমূল) জালিয়াতি করে জিতেছে। কিন্তু এবার নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী সেটা করতে দেয়নি। তাই আমরা এবার নিশ্চিতভাবে জিতছি।” উল্লেখ্য, মানিকতলায় তাঁর লড়াই হচ্ছে তৃণমূলের শ্রেয়া পাণ্ডের সঙ্গে, যেখানে প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের পারিবারিক আবেগ বনাম তাপস রায়ের রাজনৈতিক অভিজ্ঞতার এক স্নায়ুযুদ্ধ চলছে।