দীপাবলির বাজি কি আসল না নকল? এখন এক স্ক্যানেই মিলবে সমাধান!
বার্তা ডেস্কঃ
সবুজ বাজির মোড়কে নিষিদ্ধ ও অবৈধ শব্দবাজি পাচার রূখতে উৎসবের মরশুমে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ। লালবাজারের রিজার্ভ ফোর্সের উদ্যোগে একটি বিশেষ কিউআর কোড তৈরি করা হয়েছে, যা স্ক্যান করলেই প্রায় ১৭০০টি সরকার অনুমোদিত বৈধ সবুজ বাজির তালিকা স্ক্রিনে ভেসে উঠবে। শহরের প্রতিটি বাজি বাজারে এই কিউআর কোড টানানো থাকছে, যাতে সাধারণ ক্রেতারা সহজেই আসল ও নকল বাজির পার্থক্য বুঝতে পারেন। পাশাপাশি, অবৈধ বাজির কারবার ও পাচার রুখতে শহরের সীমান্ত এলাকাগুলোতে দিন-রাত নাকা চেকিং এবং টহলদারি জোরদার করেছে পুলিশ।
সাধারণ মানুষকে সচেতন করতে লালবাজারের পক্ষ থেকে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় প্রায় ৯০ হাজার রঙিন পোস্টার ও লিফলেট বিলি করা হচ্ছে। এতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, চার মিটার দূরত্বে সর্বাধিক ১২৫ ডেসিবেল পর্যন্ত শব্দ উৎপাদনকারী সবুজ বাজি এবং ৯০ ডেসিবেল পর্যন্ত আলোর আতসবাজি ব্যবহার করা যাবে। টহলরত পুলিশ কর্মীদের হাতেও এই কিউআর কোড দেওয়া হয়েছে, যা দিয়ে সহজেই বাজারের বাজির বৈধতা পরীক্ষা করা সম্ভব হবে। অনুমোদনহীন যে কোনো বাজির দোকান ও বেআইনি শব্দবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।