দিল্লিতে লাগাতার আন্দোলন বন্ধের নির্দেশ, সুপ্রিম কোর্টের তোপের মুখে পুলিশ!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে দিল্লিতে একের পর এক বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলন এবং ১ নভেম্বরের ইন্ডিয়া জোটের সমাবেশের জেরে প্রায় ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। এই পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনের দায়ের করা মামলায় কেন্দ্র, দিল্লি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, প্রতিবাদ দেখানোর অধিকারের পাশাপাশি সাধারণ মানুষের জীবিকা নির্বাহের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট কোনও প্রতিবাদস্থল অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না। প্রতিবাদের অনুমতি দেওয়ার সময় স্পষ্ট শর্ত ও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার ওপর জোর দিয়েছে শীর্ষ আদালত। এই ঘটনার পর আগামী ১১ নভেম্বর পর্যন্ত সমস্ত মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করার জন্য দিল্লি পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়েছে ওই ব্যবসায়ী সংগঠন।