কলকাতার বুকে ফিল্মি কায়দায় বিজেপি নেতার ছেলের ওপর ভয়ংকর হামলা ও লুট!
বার্তা ডেস্কঃ 
চলন্ত গাড়ি আটকে পিস্তল ঠেকিয়ে মারধর ও লুঠপাটের ঘটনায় ধৃত ৪, রাজনৈতিক যোগ খতিয়ে দেখছে পুলিশ
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: নিউ আলিপুরে চলন্ত গাড়ি আটকে পিস্তল ঠেকিয়ে মারধর ও লুঠপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী প্রথম সিং তাঁর এক বন্ধুকে নিয়ে ব্যক্তিগত কাজ সেরে পর্ণশ্রীতে বাড়ি ফিরছিলেন। এনএন রায় রোডে আসামাত্রই হঠাৎ কয়েকজন যুবক তাঁদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। অভিযোগ, গাড়ি থামাতে বাধ্য করার পর আরও কয়েকজন গাড়িটি ঘিরে ফেলে এবং লাথি মারতে শুরু করে। প্রথম সিং গাড়ির জানলার কাঁচ খুলতেই এক দুষ্কৃতী তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালানোর হুমকি দেয়। এরপর জোর করে গাড়ির দরজা খুলে দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর শুরু করে।
অভিযোগকারীর দাবি, এই সুযোগে দুষ্কৃতীরা তাঁর পকেট থেকে ২৫ হাজার টাকা ও সোনার চেন ছিনিয়ে নেয়। মারধর করা হয় গাড়িতে থাকা তাঁর বন্ধুকেও। প্রায় দশ মিনিট ধরে পিস্তল উঁচিয়ে এলাকা দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে ব্যস্ততম ওই রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাওয়ার সময় দুষ্কৃতীরা তাঁদের মোবাইল ফোনও কেড়ে নেয় এবং থানায় অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ঘটনার পরই আক্রান্তরা নিউ আলিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লুট, মারধর ও অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। জানা গেছে, অভিযুক্তরা স্থানীয় এসএন রায় রোডের বাসিন্দা এবং উঠতি দুষ্কৃতী গ্যাং হিসেবে পরিচিত। সোমবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আক্রান্ত প্রথম সিং দীর্ঘদিনের বিজেপি কর্মী। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর শাসকদলে যোগ দিয়েছে বলে খবর। রাজনৈতিক কোনো রেষারেষি থেকে এই হামলার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।