অক্সফোর্ড-ব্যাংককের আদলে বদলে যাচ্ছে কলকাতা, রূপকথার মতো সাজবে তিলোত্তমা!
বার্তা ডেস্কঃ
লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে কলেজ স্ট্রিট বইপাড়া এবং ব্যাংককের ধাঁচে কলকাতা, হাওড়া ও সল্টলেকে ফুটপাতমুক্ত ‘হকার জোন’ গড়ে তোলার বিশাল উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি মুম্বইয়ের মেরিন ড্রাইভের মতো গঙ্গার দুই পার সাজিয়ে তোলা এবং ট্যাংরার চায়না টাউনকে আন্তর্জাতিক রূপ দিতে নয়টি মেগা প্রকল্পের সূচনা হয়েছে। কেন্দ্রীয় সহায়তায় বিশ্বমানের এই সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এবং ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশনের (এনবিসিসি) মধ্যে সোমবার মোট নয়টি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই যৌথ উদ্যোগে মায়াপুরের ইসকন মন্দির, নবদ্বীপের ঐতিহাসিক স্থান এবং চন্দননগরের নদীতীরবর্তী এলাকারও আধুনিকীকরণ করা হবে। শহরবাসীকে ফুটপাতমুক্ত পথ উপহার দিতে ব্যাংককের মডেলে কিউআর কোড ভিত্তিক পেমেন্ট যুক্ত বিশেষ ভেন্ডিং গাড়ি ও ফুড কোর্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে। শহরের বড় বস্তি এলাকাগুলোতে পাকা আবাসন নির্মাণ, চার লেনের সড়ক, সাইকেল ট্র্যাক এবং রাজ্যজুড়ে আধুনিক পাবলিক টয়লেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এনবিসিসি-কে। দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কলকাতা, হাওড়া ও চন্দননগর পুরসভাকেও এই মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।