ভাত-ডাল বারবার গরম করা কি আসলেই প্রাণঘাতী? জানুন সতর্কবার্তা!
বার্তা ডেস্কঃ
আগের দিনের ডাল, ফ্রিজে রাখা ভাত বা দুপুরের বেঁচে যাওয়া তরকারি রাতে খাবারের আগে ফের গরম করে নেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। অনেকে আবার একই খাবার দু’ থেকে তিনবার গরম করেও খান। তাদের ধারণা, ভালো করে ফুটিয়ে নিলেই খাবারের যাবতীয় জীবাণু মরে যাবে। কিন্তু বাস্তবে খাবার বারবার গরম করার ফলে খাদ্যবাহিত সংক্রমণ ও ফুড পয়জনিংয়ের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষত খাবার ঠান্ডা করা, সংরক্ষণ করা এবং পুনরায় গরম করার পদ্ধতিতে ভুল থাকলে বিপদ আরও মারাত্মক আকার ধারণ করে।
রান্না করা খাবার দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পড়ে থাকলে তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে পারে। স্যালমোনেলা বা ই কোলাইয়ের মতো জীবাণু খাবারের মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ পায় এবং কিছু ব্যাকটেরিয়া এমন টক্সিন তৈরি করে যা সাধারণ তাপে পুনরায় গরম করলেও নষ্ট হয় না। তাই খাবার সংরক্ষণের সময় অবহেলা করলে পরবর্তীতে তা গরম করেও পুরোপুরি নিরাপদ করা যায় না। চিকিৎসকদের মতে, একই খাবার বারবার ঠান্ডা করে গরম করার অভ্যাস অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় গুরুতর শারীরিক অসুস্থতার মুখোমুখি হতে হতে পারে।