পূর্ব মেদিনীপুরে তৃণমূল ‘শূন্য’! যে মাটি থেকে উত্থান, সেখানেই পতন দেখল জোড়াফুল

পূর্ব মেদিনীপুর—যে জেলা একদা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভিতকে পাথরের মতো শক্ত করতে সাহায্য করেছিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সেই জেলাই তৃণমূলকে খালি হাতে ফেরাল। অধিকারী গড়ে আক্ষরিক অর্থেই ঘাসফুল নিশ্চিহ্ন। জেলার ১৬টি বিধানসভা আসনের প্রতিটিতেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। এখনও পর্যন্ত একটি আসনেও খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস, যা রাজ্যের শাসক দলের কাছে এক চরম অপমানজনক হার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই ফলাফল একটি ঐতিহাসিক বৃত্ত সম্পূর্ণ করল। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরেই মমতার উত্থান শুরু হয়েছিল, যা শেষ পর্যন্ত তাঁকে নবান্নের মসনদে বসিয়েছিল। আর আজ সেই পূর্ব মেদিনীপুরই তাঁর পতনের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়াল। শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির এই ১৬-০ ব্যবধান স্পষ্ট করে দিল যে, মেদিনীপুরের মানুষ মমতার বদলে অধিকারীদের নেতৃত্বেই আস্থা রেখেছে।

শুভেন্দু অধিকারীর কাছে এই লড়াই ছিল তাঁর রাজনৈতিক সম্মানের লড়াই। আর সেই ‘প্রেস্টিজ ফাইটে’ কার্যত ছক্কা হাঁকালেন তিনি। বিজেপির জেলাজুড়ে এই নিরঙ্কুশ দাপট প্রমাণ করছে যে, অধিকারী পরিবারের গড় ভাঙা তৃণমূলের সাধ্যের অতীত ছিল। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে পরিচিত এই জেলা এখন তাঁর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

পুরো জেলাজুড়ে এখন গেরুয়া আবিরের জয়জয়কার। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, পূর্ব মেদিনীপুরের এই ১৬-০ ফলাফলই হয়তো এবারের নির্বাচনে রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দিল।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *