কালীপুজোর ভুরিভোজে চমক, মা-ঠাকুমার সিক্রেট রেসিপিতে রাঁধুন পোস্ত রুই!
বার্তা ডেস্কঃ
ঐতিহ্যবাহী স্বাদে ‘পোস্ত দিয়ে রুই মাছ’: জেনে নিন সহজ রেসিপি
নিজস্ব প্রতিবেদক: ভোজনরসিক বাঙালির পাতে রুই মাছের নতুনত্বের খোঁজ সবসময়ই থাকে। মা-ঠাকুমার আমলের সেই পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনতে ‘পোস্ত দিয়ে রুই মাছ’ এক অনন্য সংযোজন হতে পারে। খুব সহজে ঘরোয়া উপকরণে কীভাবে এই সুস্বাদু পদটি তৈরি করবেন, তার প্রণালী নিচে দেওয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ:
রান্নার জন্য ৪-৫ টুকরো রুই মাছ, ৩-৪ বড় চামচ পোস্ত বাটা, পরিমাণমতো সর্ষে ও তিল বাটা, ৪-৫টি চেরা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য সামান্য কালোজিরে ও তেজপাতা, পরিমাণমতো পেঁয়াজ ও টমেটো কুচি, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন-চিনি এবং রান্নার জন্য উপযুক্ত পরিমাণে সর্ষের তেল।
রান্নার প্রণালী:
প্রথমে মাছের টুকরোগুলো ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো সোনালী ও মুচমুচে করে ভেজে তুলে রাখতে হবে।
পরবর্তী ধাপে, ওই তেলেই কালোজিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে পোস্ত, সর্ষে ও তিল বাটার মিশ্রণটি দিয়ে দিতে হবে। মশলা কষানোর সময় হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন ও সামান্য চিনি যোগ করুন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে সামান্য জল ঢেলে ঢাকা দিতে হবে। মাঝারি আঁচে ঝোল ফুটে মাখা মাখা হয়ে এলে নামানোর আগে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে।
গ্যাস বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঐতিহ্যবাহী ও জিভে জল আনা ‘পোস্ত দিয়ে রুই মাছ’।