ত্রিপুরার রাজনীতিতে বড় চমক, জোট ভেঙে একাই লড়বে কংগ্রেস ও সিপিএম!
বার্তা ডেস্কঃ
দিল্লির মঞ্চে একজোটে লড়াইয়ের বার্তা দেওয়ার মাত্র তিনদিনের মাথায় ত্রিপুরায় বড় ফাটল ধরল ইন্ডিয়া জোটে। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠেয় আগরতলা পুরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিএমের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পৃথক প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। বামফ্রন্ট তাদের শরিক দল হিসেবে গণ্য না করে একতরফাভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বলে অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কিছুদিন আগে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে ত্রিপুরায় উভয় দল যৌথভাবে বিক্ষোভ মিছিল করলেও, শেষ পর্যন্ত আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় ত্রিভুজ লড়াইয়ের আবহ তৈরি হয়েছে।
অন্যদিকে, এই নির্বাচনে শাসক দল বিজেপি ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি অনুসরণ করায় বর্তমান মেয়র দীপক মজুমদারকে এবার এই পদে প্রার্থী করা হয়নি। এদিকে বিরোধী শিবির থেকে আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানানো হলেও তা এখনও কার্যকর করা হয়নি বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে রামলীলা ময়দানে বিরোধী জোটের যৌথ হুঙ্কার এবং রাহুল গান্ধীর মুখে বাম ছাত্রনেত্রীর প্রশংসার পর দেশজুড়ে ঐক্যের বার্তা জোরালো হলেও ত্রিপুরার রাজনৈতিক ময়দানে এই দূরত্ব জাতীয় রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে।