বৃষ্টিতে খেলা কেন? আম্পায়ারদের ওপর অগ্নিশর্মা কোহলি-শুভমন!
বার্তা ডেস্কঃ
বৃষ্টির মধ্যে খেলা চালিয়ে যাওয়া নিয়ে আম্পায়ারদের ওপর ক্ষুব্ধ কোহলি-শুভমন
নিজস্ব প্রতিবেদন: প্রথম এক দিনের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন বিরাট কোহলি ও শুভমন গিল। মাঠের পরিবেশ খেলা উপযোগী না হওয়া সত্ত্বেও আম্পায়ারদের অনড় অবস্থানে ক্ষোভ প্রকাশ করেন এই দুই ব্যাটার।
ঘটনার সূত্রপাত ভারতের ইনিংসের ১১তম ওভারে। ১৮৬ রান তাড়া করতে নেমে ভারত যখন ৫৪/১ স্কোরে ব্যাট করছিল, তখন প্রথমবার বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস নিয়মে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪০ ওভারে ১৬৭ রান করা হয়। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুনরায় বৃষ্টি শুরু হয়।
এই পরিস্থিতিতে আম্পায়ার পল রাইফেল ১২তম ওভারটি শেষ করার সিদ্ধান্তে অটল ছিলেন। তবে মাঠের পরিস্থিতি ছিল প্রতিকূল। ফিল্ড আম্পায়ারের দিকে তাকিয়ে বিরাট কোহলি স্পষ্ট বিরক্তি প্রকাশ করে বলেন, “এক বার সাইটস্ক্রিনের দিকে তাকান। বল তো দেখতেই পারছি না।” এ সময় তিনি অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েও প্রতিবাদ জানান। একই সঙ্গে শুভমন গিলকেও স্কোয়ার লেগ আম্পায়ারের সঙ্গে বিষয়টি নিয়ে তর্ক করতে দেখা যায়।
দুই আম্পায়ার খেলা চালিয়ে যাওয়ার পক্ষেই ছিলেন। সেই মুহূর্তে নিউজিল্যান্ডের বোলার ব্লেয়ার টিকনার বৃষ্টির হাত থেকে বাঁচতে নিজের জামা দিয়ে মাথা ঢেকে ফেলেন। শেষ পর্যন্ত আম্পায়ারদের সিদ্ধান্তের প্রেক্ষিতেই ওভারের শেষ বলটি খেলা হয়। ওই বলটি হওয়ার পরই আম্পায়ারেরা খেলা স্থগিত করেন। প্রায় এক ঘণ্টা পর পুনরায় খেলা শুরু হলে বিরাট কোহলির অর্ধশতরানের ওপর ভর করে ভারত জয়লাভ করে।