দুই ট্রাকের মাঝে রক্তাক্ত ট্র্যাফিক কনস্টেবল, সার্ভিস রিভলভারের গুলিতে রহস্যমৃত্যু!

বার্তা ডেস্কঃ

 

পানাগড়ে ডিউটিরত কনস্টেবলের মৃত্যু: রহস্য উদঘাটনে ফরেন্সিক দল

নিজস্ব প্রতিবেদক, পানাগড়: ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাস এলাকায় ডিউটিরত অবস্থায় সঞ্জয় জানা নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুই ট্রাকের মাঝ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানাগড় বাইপাসে ট্র্যাফিক ডিউটি করছিলেন ওই কনস্টেবল। কিছু সময় পর সহকর্মীরা তাঁকে দুই ট্রাকের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। তদন্তের প্রয়োজনে ফরেন্সিক দলকেও তলব করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃত কনস্টেবলের সার্ভিস রিভলভারটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) রসপ্রীত সিং জানিয়েছেন, মৃত কনস্টেবলের স্ত্রীও পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। পারিবারিক কোনো অশান্তি বা ব্যক্তিগত অবসাদ থেকে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে বেশ কিছু নতুন সূত্র মিলেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত জারি রয়েছে। এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *