শচীনের সেরা অধিনায়ক কে, কার নাম শুনে চমকে উঠল ক্রিকেট বিশ্ব?

বার্তা ডেস্কঃ

 

সৌরভ ও ধোনিই সেরা অধিনায়ক, জানালেন শচীন তেন্ডুলকর

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটের দুই সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করলেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রিয় অধিনায়কদের নাম প্রকাশ করতে গিয়ে শচীন সাফ জানান, তাঁর তালিকার শীর্ষে রয়েছেন সৌরভ ও ধোনি।

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে বিশ্বজয়ের অভিজ্ঞতার কথা স্মরণ করে শচীন বলেন, “আমার প্রিয় অধিনায়কদের কথা বললে সৌরভ গাঙ্গুলি এবং এমএস ধোনি তালিকার একেবারে ওপরেই থাকবে।”

নিজেও ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে শচীন জানান, দেশের অধিনায়ক হওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের ছিল। তবে নব্বইয়ের দশকের সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “সে সময় সবসময় নিজের পছন্দমতো দল বেছে নেওয়ার স্বাধীনতা ছিল না। বর্তমান বিসিসিআইয়ের তুলনায় সেই সময়ের পরিস্থিতি ছিল অনেক বেশি কঠিন এবং প্রতিকূল।” উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত দুই দফায় ভারতের হয়ে ২৫টি টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন তিনি। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়েন। পরবর্তী সময়ে ২০০৭ সালে আবারও তাঁকে টেস্ট দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা বিনম্রভাবে প্রত্যাখ্যান করেন। এরপরই নেতৃত্বের ব্যাটন ওঠে মহেন্দ্র সিং ধোনির হাতে।

ভারতীয় অধিনায়কদের পাশাপাশি বর্তমান সময়ের দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক তেম্বা বাভুমার নেতৃত্বের মানসিকতারও উচ্চ প্রশংসা করেছেন শচীন। তাঁর মতে, যেভাবে বাভুমা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিচ্ছেন, তা প্রশংসনীয়। শচীনের আশা, দক্ষিণ আফ্রিকার মতো দল যদি কোনো আইসিসি ট্রফি জিততে পারে, তবে তা বিশ্ব ক্রিকেটের জন্যই দারুণ এক প্রাপ্তি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *