সাতসকালেই ইডি হানা, কামালগাজিতে ব্যবসায়ীর বাড়িতে তীব্র চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ, নরেন্দ্রপুরে ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর বাড়িতে ইডির হানা
নিজস্ব প্রতিবেদন: গুয়াহাটিতে নথিভুক্ত একটি আর্থিক প্রতারণা মামলার তদন্তে নেমে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের কামালগাজিতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন ইডির একটি দল স্থানীয় ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর বাড়ি ও অফিসে একযোগে হানা দেয়।
ইডি সূত্রে খবর, চালের ব্যবসার আড়ালে সাইবার প্রতারণার মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শ্যামল ব্যাপারীর বিরুদ্ধে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন। সেই সূত্র ধরেই বুধবার সাতসকালে তাঁর বাসভবন ও কার্যালয়ে উপস্থিত হন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
প্রসঙ্গত, রাজ্যে আর্থিক প্রতারণার বিভিন্ন মামলায় গত কয়েক সপ্তাহ ধরে তৎপরতা বাড়িয়েছে ইডি। তিন সপ্তাহ আগে কুঁদঘাট-সহ কলকাতার আটটি জায়গায় একটি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। সাধারণ মানুষের কাছ থেকে মোটা মুনাফার টোপ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ছিল ওই সংস্থার বিরুদ্ধে। এর পাশাপাশি, গত চার দিন আগেই আসানসোল শিল্পাঞ্চলেও এক শিল্পপতির বাড়িতে ইডির হানা দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ধারাবাহিকতায় এবার নরেন্দ্রপুরে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইডির অভিযান অব্যাহত রয়েছে।