মেরিন ড্রাইভের ধাঁচে সেজে উঠবে গঙ্গার পাড়, ব্যাংককের আদলে হবে হকার পুনর্বাসন!

বার্তা ডেস্কঃ

 

মুম্বইয়ের মেরিন ড্রাইভ ও ব্যাংককের আদলে সেজে উঠবে কলকাতা, এনবিসিসির সঙ্গে ৯টি মউ স্বাক্ষর রাজ্যের

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: শহরের পরিকাঠামো উন্নয়নে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার নগরোন্নয়ন ভবনে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশনের (এনবিসিসি) সঙ্গে মোট নয়টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর করেছে রাজ্য। এদিন এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী জানান, গঙ্গার পাড়কে মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি নদীর উপর দিয়ে হাইওয়ে নির্মাণ এবং তীরবর্তী এলাকায় ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক তৈরির প্রস্তাবও কেন্দ্রকে দেওয়া হয়েছে। তবে প্রকল্পের চূড়ান্ত রূপরেখা, সম্ভাব্য ব্যয় বা সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। রেল, বন্দর, পূর্ত ও পরিবহণ দপ্তরের সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।

হকার পুনর্বাসনের ক্ষেত্রে ব্যাংকক মডেল অনুসরণের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ফুটপাত দখলমুক্ত করে সুসংগঠিত বাজার, ফুড কোর্ট ও ভ্রাম্যমাণ খাবারের গাড়ির ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতিতে ভাড়া সংগ্রহেরও পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে দেন যে, অন্য কোনো শহরের অন্ধ অনুকরণ নয়, বরং বিভিন্ন শহরের ভালো দিকগুলো গ্রহণ করে কলকাতার মানোন্নয়নই তাদের লক্ষ্য।

এনবিসিসির সঙ্গে স্বাক্ষরিত নয়টি প্রকল্পের তালিকায় রয়েছে:
১. কলকাতার কলেজ স্ট্রিট ও ট্যাংরা চায়না টাউনের উন্নয়ন।
২. চন্দননগরে নদীপাড়ের সৌন্দর্যায়ন।
৩. বর্ধমান পুরসভা এলাকায় সরকারি আবাসন নির্মাণ।
৪. বিভিন্ন শহরে গণশৌচাগার নির্মাণ।
৫. কলকাতা, হাওড়া ও বর্ধমানে হকার জোন তৈরি।
৬. কলকাতায় বস্তিবাসীদের পুনর্বাসন।
৭. হাওড়া ও কলকাতায় গঙ্গাপাড়ের উন্নয়ন।
৮. নবদ্বীপ ও মায়াপুরের পরিকাঠামো উন্নয়ন।

কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তকে আন্তর্জাতিক মানের পরিকাঠামোয় ঢেলে সাজাতেই এই বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *