কেদারতালের মরণফাঁদে নিখোঁজ ৫ পর্বতারোহী, বাড়ছে উদ্বেগ!

বার্তা ডেস্কঃ

 

উত্তরাখণ্ডে তুষারধসে মৃত বেড়ে ৩, নিখোঁজ ৫ পর্বতারোহী

উত্তরকাশী: উত্তরাখণ্ডের কেদারতাল অঞ্চলে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। উদ্ধার হওয়া দেহগুলো ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য উত্তরকাশীর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর কমান্ড্যান্ট অর্পণ যাদববংশী জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া ও হিমবাহের গভীর ফাটল উপেক্ষা করে এসডিআরএফ, এনডিআরএফ, নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম), পুলিশ ও বন দপ্তরের যৌথ উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার বেলা ১১টা ৫২ মিনিট নাগাদ উদ্ধার হওয়া দেহগুলো হেলিকপ্টারের মাধ্যমে মাতলি হেলিপ্যাডে আনা হয়। উদ্ধারকাজে নিয়োজিত জওয়ানদের জন্য আকাশপথে প্রয়োজনীয় রেশন ও রসদ সরবরাহ করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর ১২ সদস্যের একটি দল গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করে। দলটির ২৯ অক্টোবর ফিরে আসার কথা ছিল। ১৫,৪৮৫ ফুট উচ্চতায় অবস্থিত কেদারতাল থেকে ফেরার পথে গত ২৯ অক্টোবর ‘কেদার খড়ক’ ক্যাম্পসাইটের কাছে তারা ভয়াবহ তুষারধসের কবলে পড়েন। দলের চারজন সহযোগী সদস্য কোনোমতে প্রাণে বেঁচে ৩০ অক্টোবর গঙ্গোত্রীতে পৌঁছে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান। এর পরই উদ্ধার অভিযান শুরু হয়। গত সোমবার ঘটনাস্থল থেকে নিখোঁজদের তাঁবু ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ আটজনের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের পাঁচজন পুরুষ ট্রেকার, উত্তরপ্রদেশের দুই নারী এবং স্থানীয় এক গাইড। নিখোঁজ বাঙালি পর্বতারোহীদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বর্তমানে অবশিষ্ট পাঁচজনকে খুঁজে বের করতে সর্বশক্তি দিয়ে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *