মমতাকে দু’বার হারানোই কি তুরুপের তাস? বঙ্গের মসনদে কি এবার শুভেন্দু!

ঐতিহাসিক জয়ের পর বঙ্গে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তবে সব ছাপিয়ে এখন রাজ্য রাজনীতির অলিন্দে একটাই প্রশ্ন—কে হচ্ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি, তবে দলের অন্দরে কান পাতলে শুভেন্দু অধিকারীর নামই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দু’বার নির্বাচনী যুদ্ধে পরাজিত করার পর শুভেন্দুর দাবি এখন কার্যত অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে।

শুভেন্দুর পালে হাওয়া দিচ্ছে যে সমীকরণ

বিজেপির রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে একাধিক জোরালো যুক্তি রয়েছে। প্রথমত, ২০২১ সালের পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। হাই-ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে তাঁর জয় জাতীয় স্তরে তাঁর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীর মতো শুভেন্দুও এবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন, যা তাঁর সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ। এছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর নিবিড় রাজনৈতিক সমীকরণ এবং মনোনয়ন পেশের দিনে খোদ শাহের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

পঁচিশে বৈশাখে শপথ ও আরএসএস ফ্যাক্টর

দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৯ মে অর্থাৎ পঁচিশে বৈশাখে কবিগুরুর জন্মজয়ন্তীতেই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের উপস্থিতিতে এই মেগা ইভেন্ট সফল করতে তৎপর গেরুয়া শিবির। তবে বিজেপির রাজনীতিতে শেষ মুহূর্তের নাটকীয়তা নতুন কিছু নয়। অতীতেও হরিয়ানা বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে চমক দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সংগঠনের একাংশের ধারণা, আরএসএস-এর আদর্শে পুষ্ট কোনো আনকোরা মুখকেও শেষ মুহূর্তে সামনে আনা হতে পারে। এই সম্ভাবনা যদি সত্যি হয়, তবে শুভেন্দুর জয়জয়কারের মাঝেও এক নতুন সমীকরণ তৈরি হতে পারে বঙ্গে। শেষ পর্যন্ত অভিজ্ঞ শুভেন্দু নাকি আরএসএস-এর কোনো মুখ—কার মাথায় বাংলার মুকুট ওঠে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *