কৌস্তভের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা!
বার্তা ডেস্কঃ
ব্যারাকপুরে বিজেপির অন্দরে তীব্র কোন্দল: বিধায়ক কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, ব্যারাকপুর: ব্যারাকপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। স্থানীয় বিধায়ক কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজি ও দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সরব হয়েছেন দলেরই একাংশ। এই ঘটনায় বঙ্গ বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে পড়েছেন।
ঘটনার সূত্রপাত ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসের দুর্গাপুজোর মঞ্চে মন্ত্রী ও বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে। সেই মঞ্চে উত্তম দাসের সঙ্গে বিজেপি নেতাদের ছবি দেখে বিধায়ক কৌস্তভ বাগচী হুঁশিয়ারি দিয়েছিলেন যে, প্রাক্তন চেয়ারম্যানকে দলে নেওয়া হলে তিনি গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হবেন। এর এক দিনের মাথায় স্থানীয় বিজেপি নেতৃত্ব উত্তম দাসের বাড়িতে গিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলে ক্ষোভ আরও বাড়ে।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির একাংশ বিধায়ক কৌস্তভ বাগচী ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিশাল জয়সওয়ালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। বিজেপি নেতা সঞ্জয় যাদব দাবি করেন, উত্তম দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জেরে বিধায়ক তাঁকে ‘সমাজবিরোধী’ ও ‘ক্রিমিনাল’ তকমা দিয়েছেন। একইসঙ্গে সঞ্জয়বাবুর অভিযোগ, বিধায়ক ও তাঁর ঘনিষ্ঠরা স্থানীয় ব্যবসায়ী, হাসপাতাল ও রেস্তরাঁ থেকে তোলাবাজি করছেন। এছাড়া, মণীশ শুক্লা খুনের অভিযুক্তদের সঙ্গে বিধায়কের যোগসাজশ রয়েছে দাবি করে তিনি নিজের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে পুলিশ কমিশনার ও রাজ্য নেতৃত্বকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
দলের অন্দরে ক্ষোভ আরও প্রকট করে ব্যারাকপুর-২ মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ অভিযোগ করেন, কংগ্রেস থেকে আসা বিধায়ক দলের পুরনো কর্মীদের কোণঠাসা করছেন। প্রবীণ নেতা অহীন্দ্রনাথ বসুর দাবি, দলীয় কার্যালয় ভাঙচুর ও ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে বিধায়ক সংগঠনকে দুর্বল করে দিচ্ছেন।
সমস্ত অভিযোগ নস্যাৎ করে বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, “এরা কেউ আমার পর্যায়ের নয়। এসবের পিছনে অন্য একজনের চিত্রনাট্য রয়েছে। তিনি সামনে এসে কথা বলুন, তারপর উত্তর দেব। দল সবটা জানে।”
সব মিলিয়ে ব্যারাকপুরের এই গোষ্ঠীদ্বন্দ্বে স্থানীয় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে সরগরম জেলার রাজনৈতিক অঙ্গন।