কালীপুজোয় কড়া নিরাপত্তায় মুড়ল বারাসাত, মোতায়েন আড়াই হাজার পুলিশ!

বার্তা ডেস্কঃ

 

কালীপুজোয় কড়া নিরাপত্তায় বারাসাত: থাকছে আড়াই হাজার পুলিশ, বিশেষ উদ্যোগ প্রবীণ ও অসুস্থদের জন্য

নিজস্ব প্রতিবেদন, বারাসাত: বারাসাতে পাঁচ দিনব্যাপী কালীপুজো ও উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল বারাসাত জেলা পুলিশ। পুজোর দিনগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রায় আড়াই হাজার পুলিশকর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ঠাকুর দেখানোর বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

আজ, বুধবার থেকেই পুলিশ বিশেষ অভিযানে নেমেছে। শহরের বিভিন্ন হোটেল, লজ ও গেস্ট হাউসে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলিতে শুরু হয়েছে নাকা চেকিং। যেকোনো ধরনের সন্দেহজনক গতিবিধি নজরে এলে দ্রুত ব্যবস্থা নিতে সাদা পোশাকের পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে। বারাসাত থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে এলাকার নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুজোর মরসুমে ভিড় বাড়লে পকেটমারি, ছিনতাই ও চুরির মতো অপরাধের আশঙ্কা থাকে। এছাড়া বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা মোকাবিলা করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, অপরাধ দমনে নির্দিষ্ট এলাকাগুলি চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ টহলদারি দল বাইকে করে নিয়মিত টহল দিচ্ছে। সেই সঙ্গে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে প্রশাসন।

বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায় পুজো কমিটিগুলিকে সতর্ক করে জানিয়েছেন, বারাসাতের উৎসবের ভাবমূর্তি রক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে দমন করতে হবে।

অতিরিক্ত সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উৎসবের আনন্দ যাতে সবার কাছে পৌঁছায়, তার জন্য আমরা অসুস্থ ও শারীরিকভাবে অক্ষমদের ঠাকুর দেখানোরও পরিকল্পনা নিয়েছি।”

উল্লেখ্য, মঙ্গলবার দোলতলা পুলিশ লাইনে আয়োজিত এক বিজয় সম্মিলনীতে পুলিশ সুপার জে মার্সি, অতিরিক্ত পুলিশ সুপার ও স্থানীয় বিধায়কসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে উৎসবের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *