দুর্গাপুজোর পাস দুর্নীতির জের, জামিন পেলেন না ইন্দ্রনীলের সংস্থার কর্তা!

বার্তা ডেস্কঃ

 

দুর্গাপুজো পাস দুর্নীতি: ধ্রুবজ্যোতিকে পুলিশি হেফাজতে পাঠাল আদালত

কলকাতা: দুর্গাপুজোর পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে ধৃত ধ্রুবজ্যোতিকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। বৃহস্পতিবার আদালতে ধৃতের জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী ও অভিযোগকারীর পক্ষের আইনজীবী।

আদালতে ধ্রুবজ্যোতির আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে পুলিশ গ্রেফতার করেনি, তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। আইনজীবীর বক্তব্য, পুলিশের কাছে যাওয়ার আগেই সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ধ্রুবজ্যোতি ইমেল করে তদন্তে সহযোগিতার কথা জানিয়েছিলেন এবং বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন করেছেন। পুলিশের বিরুদ্ধে জাল নথির অভিযোগ তোলার পাশাপাশি আইনজীবী দাবি করেন, এর সপক্ষে কোনো প্রমাণ এখনো পেশ করা হয়নি।

অন্যদিকে, অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের আইনজীবীর দাবি, ধৃত ধ্রুবজ্যোতিই এই পুরো দুর্নীতির ‘কিংপিন’। তিনি জানান, ইউনেস্কোর নাম ব্যবহার করে কোটি কোটি টাকা তোলা হয়েছে, অথচ ইউনেস্কোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই ছিল না। সরকারি আইনজীবীর সওয়াল, অভিযুক্তরা ২০২৫ সালের ইউনেস্কো চুক্তির দোহাই দিলেও, তার অনেক আগে থেকেই জাল লোগো ব্যবহার করে আর্থিক জালিয়াতি চালিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নামে একটি সংস্থা গড়ে ওঠে। অভিযোগ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন এই সংস্থার মাথায় থাকলেও, নেপথ্যে ধ্রুবজ্যোতি ও ইন্দ্রনীল সেনের পরিকল্পনা ছিল। এই সংস্থার মাধ্যমেই পুজোর পাস বিক্রি ও প্রিভিউ শো-এর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পুলিশের পাশাপাশি বিষয়টি ইডি-ও খতিয়ে দেখছে।

এদিকে, এই মামলায় ইন্দ্রনীল সেনের কন্যাকে লালবাজারে তলব করা হয়েছে। অন্যদিকে, হুমকি পাওয়ার অভিযোগে নিরাপত্তা চেয়ে বেহালা থানায় অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ কমিশনারকে ইমেল করেছেন অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *