শিল্পে নতুন জোয়ার, কর্মসংস্থান ও জমি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

বার্তা ডেস্কঃ

দীর্ঘদিনের জমি জটিলতা, আর্থিক অনিশ্চয়তা এবং প্রশাসনিক বিতর্কের ইতি টেনে বাংলাকে পুনরায় শিল্পের মানচিত্রে শীর্ষস্থানে ফিরিয়ে আনতে উদ্যোগী হল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য বিজেপি সরকার। ৫ নভেম্বর বৃহস্পতিবার ইকোপার্কে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিক ঘোষণা করলেন ‘বিনিয়োগ প্রসার নীতি ২০২৬’। বড় অঙ্কের নতুন বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিকেই এই ঐতিহাসিক নীতির প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক অনুমোদন সহজ করতে ‘সিঙ্গল উইন্ডো’ পোর্টাল চালু এবং সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, ইভি ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির মতো আধুনিক ক্ষেত্রগুলিকে অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শিল্পায়নের মূল বাধা কাটাতে রাজ্যজুড়ে ল্যান্ড পুলিং ও অব্যবহৃত সরকারি জমি ব্যবহারের পাশাপাশি বরাদ্দপ্রাপ্ত জমিতে ৩ বছরের মধ্যে উৎপাদন শুরুর বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে নিয়োগ বাড়াতে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে; বিশেষ করে মহিলা ও তৃতীয় লিঙ্গের কর্মীদের নিয়োগের ক্ষেত্রে ইপিএফ (EPF)-এ ১০০ শতাংশ পর্যন্ত অর্থ ফেরতের সুযোগ রাখা হয়েছে, যার সর্বোচ্চ সীমা ৫ কোটি টাকা। প্রযুক্তির মানোন্নয়ন ও গবেষণার খরচে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সরকারি সহায়তার পাশাপাশি রাজ্য জিএসটি, বিদ্যুৎ শুল্ক, স্ট্যাম্প ডিউটি ও ঋণের সুদে বিশেষ ভর্তুকির প্রস্তাব দেওয়া হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপে রাজ্যে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *