শিক্ষার নামে ডিগ্রি ব্যবসা বন্ধে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, কাঠগড়ায় একাধিক বিএড ও কারিগরি কলেজ!
বার্তা ডেস্কঃ
রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির পঠনপাঠন ও পরিকাঠামোর গুণমান বজায় রাখতে কঠোর অবস্থান নিল উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তর। বিএড, আইটিআই, পলিটেকনিক ও ডি ফার্ম কলেজগুলিতে বিশেষ পরিদর্শন চালিয়ে একাধিক অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে গুণমান পূরণ করতে না পারা ৪৫১টি বিএড কলেজকে শোকজ করা হলে, দ্বিতীয় দফায় ২৩৭টি কলেজ শর্ত পূরণ করে ভর্তির অনুমতি পায়। তবে ব্যর্থ ২০৫টি কলেজকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়নি। এছাড়া পরিকাঠামোগত ঘাটতির কারণে ১৪টি আইটিআই, ৩৮টি ফার্মা এবং ১টি পলিটেকনিক কলেজে চলতি শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি বন্ধ রাখা হয়েছে।
দপ্তরের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য শিক্ষার গুণমান রক্ষা করা এবং শিক্ষার নামে বাণিজ্যিকীকরণ বন্ধ করা। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সরকার কোনও প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না; বরং পঠনপাঠন, প্রয়োজনীয় শিক্ষক ও পরিকাঠামোর মান উন্নত করার সুযোগ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় শর্তপূরণ করতে পারলে আগামী শিক্ষাবর্ষেই পুনরায় ভর্তির অনুমোদন দেওয়া হবে। মিথ্যা বিভ্রান্তি এড়িয়ে শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়নে সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।