১০০ অপরাধ করলেও খোরপোষ দিতেই হবে!

 

বেতন থেকে সরাসরি খোরপোষের টাকা কাটার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: পারিবারিক আদালতের নির্দেশ সংশোধন করে এক গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট। এখন থেকে স্বামীর বেতন থেকে সরাসরি ২৫ শতাংশ অর্থ কেটে স্ত্রী ও নাবালিকা কন্যার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

পূর্বে পারিবারিক আদালত মাসিক ১৯ হাজার টাকা খোরপোষের নির্দেশ দিয়েছিল। তবে নতুন নির্দেশে বলা হয়েছে, স্বামী যে সংস্থায় কর্মরত—অর্থাৎ ‘ইন্ডিয়ান ব্যাঙ্ক’—তারা এখন থেকে তাঁর মাসিক বেতন থেকে আয়কর বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থের ২৫ শতাংশ সরাসরি স্ত্রী ও কন্যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। আবেদনকারীর আইনজীবী দিবস ভার্মা আদালতে আরজি জানিয়েছিলেন, যাতে প্রতি মাসে খোরপোষ আদায়ের জটিলতা এড়াতে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করে। সেই আবেদন মেনেই এই নির্দেশ দেয় হাইকোর্ট।

বিচারপতি প্রবীন কুমার গিরি তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, স্বাবলম্বী নয় এমন স্ত্রী, নাবালক সন্তান এবং বাবা-মায়ের ভরণপোষণ করা স্বামীর কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটি মামলার উল্লেখ করার পাশাপাশি বিচারপতি মনুস্মৃতির একাদশ অধ্যায়ের ১০ নম্বর শ্লোকের কথাও স্মরণ করিয়েছেন। ওই শ্লোকে বলা হয়েছে, “বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং নাবালক সন্তানকে রক্ষা বা ভরণপোষণ করতে হবে, প্রয়োজনে ১০০টি অন্যায় কাজ করেও করতে হবে।”

আদালতের এই নতুন নির্দেশের ফলে প্রতি মাসে খোরপোষ আদায়ের ক্ষেত্রে যে জটিলতা বা অনিশ্চয়তা তৈরি হতো, তা স্থায়ীভাবে নিরসন হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *