বাবর আর বাবরি এক নয়, মুখ্যমন্ত্রীকে কড়া জবাব হুমায়ুনের!

 

বাবরের নামে মসজিদ নির্মাণ বিতর্ক: মুখ্যমন্ত্রী ও হুমায়ুন কবীরের পাল্টাপাল্টি অবস্থান

নিজস্ব প্রতিবেদন: বাবরের নামে একটি মসজিদের নামকরণকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিধায়ক হুমায়ুন কবীর।

সম্প্রতি এক জনসভায় বাবরের নামে মসজিদ তৈরির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় বলেন, “বাবর ভারতীয় নয়, সে ছিল লুটেরা। লুটেরার নামে কোনো মসজিদ তৈরি করতে দেওয়া হবে না। আমি জেলাশাসককে নির্দেশ দিয়েছি, এ ধরনের কোনো নাম রাখা যাবে না।” পাশাপাশি, রাস্তা অবরোধের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন হুমায়ুন কবীর। তিনি অভিযোগ করেন, উন্নয়নের মূল সমস্যাগুলো থেকে জনগণের নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এসব মন্তব্য করছেন। তিনি বলেন, “সরকার রাস্তা, বিদ্যুৎ বা পানীয় জলের মতো মৌলিক বিষয়ে গুরুত্ব না দিয়ে অযথা হুমকি দিচ্ছেন।”

বাবর ও বাবরি মসজিদের মধ্যে পার্থক্য তুলে ধরে হুমায়ুন কবীর বলেন, “বাবর যদি লুটেরাও হন, তার সঙ্গে বাবরি মসজিদের কোনো সম্পর্ক নেই। এই মসজিদটি বাবরের সেনাপতি মীরবাকি নির্মাণ করেছিলেন। এছাড়া বাবরি কোনো পুরুষ নন, বরং একজন মহিলা। বাবরের সঙ্গে এই নামকরণকে গুলিয়ে ফেলে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

মসজিদের নাম পরিবর্তনের প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান, তিন-চার মাস আগে মুখ্যমন্ত্রী তাঁকে নাম পরিবর্তনের বিষয়ে একটি চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে সেই চিঠি তিনি এখনও পাননি। বিধায়কের কথায়, সরকারিভাবে চিঠি পাওয়ার পর তার বিষয়বস্তু ও গ্রহণযোগ্যতা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *