৩০ নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা না দিলে কি সত্যিই বন্ধ হতে পারে আপনার পেনশন?
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, পেনশন চালু রাখতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৬ সালের জীবন প্রমাণপত্র বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এই শংসাপত্র জমা না দিলে পেনশন পেতে সমস্যা বা তা বন্ধ হয়ে যেতে পারে। পেনশনভোগী জীবিত রয়েছেন কি না, তা নিশ্চিত করতেই এই আধার-ভিত্তিক বায়োমেট্রিক শংসাপত্র জমা দিতে হয়, যার ফলে প্রতি বছর সরাসরি অফিসে যাওয়ার ঝক্কি কমেছে।
এই প্রক্রিয়া আরও সহজ করতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একাধিক বিকল্প ব্যবস্থা রেখেছে। পেনশনভোগীরা বাড়িতে বসেই ইউমাং (UMANG) অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন করে কিংবা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (IPPB) ডোরস্টেপ পরিষেবার মাধ্যমে বিনামূল্যে এটি জমা দিতে পারেন। এ ছাড়া নিকটবর্তী ইপিএফও অফিস বা কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়েও এই সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ রয়েছে।