ট্রেনে ভুয়ো ভিডিও বানালেই সোজা জেল!
বার্তা ডেস্কঃ
ভুয়া ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, কড়া হুঁশিয়ারি উত্তর রেল প্রশাসনের
নিজস্ব প্রতিবেদন: দীপাবলি ও উৎসবের মরসুমে ট্রেনযাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে সরব হয়েছে উত্তর রেল প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ভুয়া ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, উৎসবের মুখে লাখ লাখ মানুষ যখন ট্রেনযাত্রার অপেক্ষায় রয়েছেন, ঠিক সেই সময়েই একশ্রেণির অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার লোভে বিভ্রান্তিকর কর্মকাণ্ড শুরু করেছেন। পুরনো বা অন্য কোনো ঘটনার ভিডিও বর্তমানে ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। এর মধ্যে ট্রেনের ভেতরের বিশৃঙ্খল দৃশ্য কিংবা রেল স্টেশনের কাল্পনিক বিপদের ছবি ও ভিডিও আপলোড করার মতো ঘটনা ঘটছে। এই ধরনের অপপ্রচারের ফলে সাধারণ যাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তি ও ভীতি তৈরি হচ্ছে।
এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে উত্তর রেলওয়ে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রেলের নিরাপত্তা এবং যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তারা আপসহীন। এই ধরনের সাইবার অপরাধ ও বিভ্রান্তিকর অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার বা ভুয়া ভিডিও ছড়ানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে, সাধারণ যাত্রীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে রেল প্রশাসন। রেল সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবলমাত্র রেলের অফিসিয়াল বিবৃতির ওপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।