হোটেল বিলাস ইন কাণ্ড: এনকাউন্টারে খতম মূল খুনি!
বার্তা ডেস্কঃ
পুলিশের হেফাজত থেকে পালানোর সময় এনকাউন্টারে নিহত গুয়াহাটির হোটেল গণহত্যা মামলার মূল অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদন, শিবসাগর: গুয়াহাটির চাঞ্চল্যকর হোটেল গণহত্যা মামলার মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। বুধবার গভীর রাতে গুয়াহাটি থেকে শিবসাগরে স্থানান্তরের সময় এই ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় এক পুলিশ আধিকারিক আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাত দিনের পুলিশি রিমান্ড শেষে মঙ্গলবার ঘনকান্তকে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল। মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণের সন্ধানে বুধবার পুলিশের একটি বিশেষ দল তাকে গুয়াহাটি থেকে শিবসাগরে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ঘনকান্ত শৌচাগারে যাওয়ার আবেদন জানালে পুলিশ গাড়ি থামায়। সেই সুযোগে সে দায়িত্বরত এক তদন্তকারী আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসএসপি পাপড়ি চেতিয়া জানান, পেশাদার শুটার ঘনকান্তের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় আধিকারিকের আগ্নেয়াস্ত্র থেকে তিন রাউন্ড গুলি চলে। নিজের সহকর্মীর জীবন বাঁচাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন ওই দলের এক পিএসও (PSO) পাল্টা গুলি চালান। এতে গুরুতর আহত অবস্থায় ঘনকান্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ধস্তাধস্তিতে এক পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর গুয়াহাটির ‘হোটেল বিলাস ইন’-এ এক ভয়াবহ গণহত্যায় পাঁচজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে চারজন হোটেলের মালিক পরিবারের সদস্য ছিলেন। সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘনকান্তকে গ্রেপ্তার করেছিল। কিন্তু মামলার তদন্ত চলাকালীন এবং চার্জশিট পেশের আগেই এনকাউন্টারে তার মৃত্যু হলো। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।